জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অবহিতকরণ সভা
বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগ (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও পানিদূষণের ফলে ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. ম. মো. মাহবুবুল আলম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) ডা. অসীম কুমার সমদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যখাতে অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণ জরুরি। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শেখ রিয়াদুজ জামান। তিনি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিভিন্ন পরিসংখ্যান ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। স্থানীয় পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তুলতে পারলে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার (টিবি) মো. শামীম রেজা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য অফিসার তন্ময় সাহা, পিপি অফিসার (টিবি) নূরু আলম এবং মাঠকর্মী (টিবি) রাব্বি আহম্মেদ।