বরেণ্য আইনজীবী এডভোকেট বদিউল আলমের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ
বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও বরেণ্য আইনজীবী এডভোকেট বদিউল আলমের আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩তম মৃত্যুবার্ষিকী।
এডভোকেট বদিউল আলম ১৯২৬ সালে চট্টগ্রামের চন্দনাইশ থানার ফতেহনগর গ্রামে এক সম্ভ্রান্ত শিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এল.এল.বি ডিগ্রি লাভ করেন।
মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতির দায়িত্বও পালন করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এবং ১৯৮১ সালে সভাপতি হিসেবে নির্বাচিত হন।
তিনি বঙ্গবন্ধু ল’ টেম্পল (আইন কলেজ)-এ এক বছরেরও বেশি সময় অবৈতনিক শিক্ষকতা করেন। দীর্ঘ প্রায় পাঁচ দশক আইন পেশায় নিয়োজিত থেকে তাঁর অধীনে শতাধিক আইনজীবী জুনিয়র হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন, যারা বর্তমানে সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনে সফলভাবে সিনিয়র আইনজীবী হিসেবে কর্মরত আছেন।
সমাজসেবায়ও তাঁর অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি, মুসলিম এডুকেশন সোসাইটি, চট্টগ্রাম অর্পণা চরণ গার্লস হাই স্কুল পরিচালনা কমিটি, পটিয়া কলেজ অর্গানাইজিং কমিটি ও কদম মোবারক মুসলিম এতিমখানাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের আজীবন সদস্য ছিলেন।
এছাড়া নিজ গ্রাম ফতেহনগরে ব্যক্তিগত উদ্যোগে তিনি শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং একটি সংলগ্ন গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষে আজ চন্দনাইশে ‘এডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।