শরণখোলা জামায়াতের ৩ মামলায় আ.লীগের সভাপতি সম্পাদকসহ ৬১ আসামী

এস এম রাজ,বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৬১ জন নেতাকর্মী নামে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে শরণখোলা থানায় এ মামলা তিনটি নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর শরণখোলার বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী নেতাকর্মীদেরকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় উপজেলার রাজেশ্বর গ্রামের আবুল হাওলাদারের দায়ের করা মামলায় ৩২ জন, উত্তর সাউথখালী গ্রামের স্থানীয় জামাত নেতা আবু বকর সিদ্দিক তার উপর নির্যাতনের অভিযোগ তুলে ১৪ জন এবং রাজাপুর গ্রামের বাসিন্দা আবুল হাসান মুন্সী বাদী হয়ে ১৫ জনসহ তিন মামলায় মোট ৬১ জনকে আসামি করা হয়।

এসব মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মী ছাড়াও রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষকও রয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, আদালতের নির্দেশক্রমে এ মামলা তিনটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

আরো