সাংবাদিক সাঈদ খানের নিবন্ধে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অসত্য তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে দলটি। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সাংবাদিক সাঈদ খানের নিবন্ধে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, জামায়াতকে ঘিরে এ ধরনের অভিযোগ নতুন নয়। ইসলামবিরোধী চক্র বহুদিন ধরেই জনগণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালিয়ে আসছে। কিন্তু আদালতে আজ পর্যন্ত এসব অভিযোগের কোনোটিই প্রমাণিত হয়নি। তার মতে, দলটির ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যেই বামপন্থী ও ধর্মনিরপেক্ষ মহল এসব তথ্য বারবার সামনে আনে।

এড. জুবায়ের বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জামায়াত অতীতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৯১ সালে বিএনপিকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা করে দলটি। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারে অংশ নিয়ে উন্নয়ন কার্যক্রমেও ভূমিকা রাখে জামায়াতের মন্ত্রীরা।

তিনি আশা প্রকাশ করেন, জনগণ অতীতের মতো ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার প্রত্যাখ্যান করবে। পাশাপাশি কালের কণ্ঠ কর্তৃপক্ষকে অনুরোধ করেন এই প্রতিবাদটি যথাযথভাবে প্রকাশ করার জন্য, যাতে পাঠকেরা বিভ্রান্ত না হন।

আরো