বাগেরহাটে জননিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি সেলিম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দীর্ঘ দুই যুগ পর জননিরাপত্তা আইনে দায়েরকৃত একটি হয়রানিমূলক মামলায় অব্যাহতি পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর সবুর এই আদেশ দেন।

মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে এদিন আদালতে হাজির হন এমপি সেলিমসহ ১৩ আসামি। শুনানি শেষে বিচারক সকলকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে রেলরোডস্থ আওয়ামী লীগ অফিস ভাঙচুরের অভিযোগে পুলিশ বাদী হয়ে এমপি সেলিমসহ ৩০-৩৫ জনের বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন মামলাটি আদালতে স্থগিত ছিল।

আসামিপক্ষের আইনজীবী শেখ নুরুল ইসলাম জানান, মামলার ১৫ আসামির মধ্যে বিএনপির দুই সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার ও অধ্যাপক আলী রেজা বাবু মৃত্যুবরণ করায় তাদের বাদ দেওয়া হয়। বাকি ১৩ আসামিকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অব্যাহতির পর প্রতিক্রিয়ায় এম এ এইচ সেলিম বলেন, “নিরপেক্ষ সরকার আসার পর বিজ্ঞ আদালত আমাদের ন্যায়বিচার দিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং আয়না ঘরে নেওয়ার হুমকি দিয়ে আমাকে জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “দল যদি আমাকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়, তাহলে আমি আবার নির্বাচন করব।”

উল্লেখ্য, এম এ এইচ সেলিম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য ছিলেন এবং ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

আরো