ডা. জওহর লাল সিংহ আন্তর্জাতিক পর্যায়ে “Academic Ambassador (Trialect, USA)” নির্বাচিত
দেশের খ্যাতনামা কোলোরেক্টাল ও গ্যাস্ট্রো-ইন্টেস্টিনাল সার্জন, খুলনা গ্যাস্ট্রো কলোরেক্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. জওহর লাল সিংহ সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক Trialect কর্তৃক “Academic Ambassador” নির্বাচিত হয়েছেন।
এই সম্মাননা প্রদান করা হয় সেইসব চিকিৎসক ও গবেষকদের, যারা বিশেষজ্ঞ চিকিৎসা ও বায়োমেডিকেল সায়েন্স শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন এবং বিশ্বব্যাপী ন্যায়সংগত শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখছেন।
Trialect কর্তৃপক্ষের পাঠানো স্বাগতপত্রে উল্লেখ করা হয়—
“ডা. জওহর লাল সিংহ এখন Trialect-এর একটি বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কের অংশ, যেখানে চিকিৎসক ও বিজ্ঞানীরা একসাথে কাজ করে উচ্চতর মেডিকেল শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত উৎকর্ষ বিকাশের সুযোগ সবার জন্য উন্মুক্ত করতে।”
এই প্রোগ্রামের আওতায় ডা. সিংহকে বিশ্বজুড়ে পোস্ট-গ্রাজুয়েট চিকিৎসা শিক্ষায় গ্রান্ট, ট্রেনিং ও ফেলোশিপের তথ্য প্রদান, গবেষণার মানোন্নয়ন, ন্যায্য নির্বাচনী প্রক্রিয়া এবং নৈতিক সহযোগিতার প্রচারে ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়েছে।
Trialect Ambassador হিসেবে তিনি থাকবেন একাডেমিক মেন্টরশিপের মান যাচাই, নৈতিক ও পেশাগত সততা রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতামূলক কর্মসূচি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকায়। এছাড়া তিনি Merit Selection Committee-র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন, যার মাধ্যমে যোগ্য প্রার্থীদের ফেলোশিপ ও প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য সুপারিশ করতে পারবেন।
ডা. জওহর লাল সিংহ ২০১২ সালে American Society of Colon and Rectal Surgeons (ASCRS)-এর সদস্য হন এবং ২০১৫ সালে ফেলোশিপ ডিগ্রি (FASCRS) অর্জন করেন। তিনি ASCRS-এর মাধ্যমে সিঙ্গাপুর (২০১৩), চীনের সাংহাই (২০১৭) এবং জাপানের টোকিও (২০১৮)-তে পরিপাকতন্ত্র ও বৃহদান্ত্র রোগে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০১৬ সালে তিনি American College of Surgeons থেকে FACS ডিগ্রি এবং ২০২৩ সালে Royal College of Glasgow থেকে FRCS ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে তিনি Trialect Scholarship-এর মাধ্যমে ইংল্যান্ডে রোবোটিক কলোরেক্টাল ফেলোশিপ গ্রহণ করেন, যা বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে প্রথম। ইতিমধ্যে তিনি ইংল্যান্ডের লেজার সার্জারি প্রশিক্ষণ সনদও অর্জন করেছেন।
Trialect কর্তৃপক্ষ জানায়, “ডা. সিংহের মতো নেতৃস্থানীয় চিকিৎসকদের অংশগ্রহণ বিশ্বজুড়ে শিক্ষা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।”
নিজের এই আন্তর্জাতিক অর্জন সম্পর্কে ডা. সিংহ বলেন, “বাংলাদেশের স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও সার্জারিকে বৈশ্বিক পরিসরে উপস্থাপন করার এই মর্যাদা ও সুযোগ আমি দেশের সকল চিকিৎসক ও শিক্ষার্থীর প্রতি উৎসর্গ করছি।”