ডেকোরেটিভ পেইন্টারদের ফ্রি সরকারি প্রশিক্ষণ
গত ১০ মে, ২০২৬ রবিবার জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) এবং বার্জার ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর মধ্যে ডেকোরেটিভ পেইন্টারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের পক্ষে মো. খায়েরুজ্জামান মজুমদার, চেয়ারম্যান (এনএইচআরডিএফ), সচিব, অর্থবিভাগ, অর্থমন্ত্রণালয় এবং বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে (বিটিআই)-এর চেয়ারম্যান ও বার্জার পেইন্টস-এর প্রধান বিপণন কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “সরকারের সাথে প্রথমবারের চুক্তি অনুসারে পেইন্টিং ফর কন্সট্রাকশন লেভেল-২ এর শর্ট কোর্সের ৭টা ব্যাচ সফলভাবে সম্পন্ন এবং দ্বিতীয়বারের মতো লেভেল-২ শর্ট কোর্স নবায়নসহ ঢাকার পাশাপাশি রাজশাহীতেও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একসাথে কাজ করার উদ্যোগকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।” এছাড়া তিনি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।
এখানে উল্লেখ্য যে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক পেইন্ট শিল্পে একমাত্র নিবন্ধিত প্রতিষ্ঠান বার্জার ট্রেনিং ইন্সটিটিউট ২০১৬ সালে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ১৫ হাজার পেইন্টারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতার সার্টিফিকেট প্রদান করেছে।