তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী
তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে রোববার (৭ জুন) সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মস্কো সফরকালে খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন তিনি। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।
গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ৭ থেকে ৯ জুন তার রাশিয়া সফর অনুষ্ঠিত হবে। তিন দিনের এই সফরে খলিলুরের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতায় রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলীতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে তার গভীর জ্ঞান ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়া, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ তুলে ধরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা, জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের উদ্যোগকে রাশিয়া স্বাগত জানায়।