প্রাথমিকে ১ কোটির বেশি শিক্ষার্থী পাবে ইউনিফর্ম, জুতো ও পাটের ব্যাগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৭ লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতো, মোজা এবং স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল কার্যক্রম শুরুর আগে আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) এই সামগ্রী বিতরণ শুরু হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ববি হাজ্জাজ জানান, পাইলট প্রজেক্টের আওতায় মোট সাড়ে তিন লক্ষাধিক শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা হবে। তবে কার্যক্রমটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে অন্তত ১ লক্ষ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে পাইলট প্রজেক্টের যাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের কাছে সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট প্রজেক্টের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, পাইলট প্রজেক্টের অভিজ্ঞতা ও ফলাফলের ওপর ভিত্তি করে আগামী জানুয়ারি থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে সামগ্রী বিতরণ শুরু হতে পারে।

তিনি আরও জানান, সারাদেশের কোনো উপজেলা যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে প্রতিটি উপজেলার একাধিক স্কুলকে এই কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে ২৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় এই পাইলট প্রজেক্টের আওতায় থাকবে।

এই উদ্যোগে বড় ধরনের সহযোগিতা দিচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫ লক্ষ পাটের স্কুল ব্যাগ উপহার হিসেবে দিচ্ছে তারা।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদেরকে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে স্কুল ব্যাগটি ওয়াটারপ্রুফিং থাকবে। ওনারা সেই জিনিসগুলো চিন্তাভাবনা করে, সব পর্যবেক্ষণ করেই সবকিছু তৈরি করেছেন। যেহেতু এটা পাইলট, তাই যদি কোনো ভুলত্রুটি থেকে থাকে এখান থেকে আমরা জানতে পারব, পূর্ণাঙ্গ কার্যক্রমে যখন যাব তখন যেন সেটা ঠিক করে নেওয়া যায়।

এছাড়া মাঠ পর্যায়ে প্রতিটি এলাকায় এই কার্যক্রম সফল করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন বলেও এসময় আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আরো