খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার

খুলনায় গৃহকর্মী মিলন চন্দ্র দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মিলনের মা বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার (১৭ জুন) বিকেলে এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে থানা হেফাজতে নেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে তরকারি পুড়ে যাওয়ার কারণে গৃহকর্মী মিলনকে মারধর করে সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্রের স্ত্রী পপি মিত্র। তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন তিনি।

সোনাডাঙ্গা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে মিলন চন্দ্র দাশ গত ৫ বছর যাবৎ সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্রের বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছেন। বুধবার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গৃহকর্মী মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়। বিকেলে পুলিশ কর্মকর্তাদের থানা হেফাজতে নেওয়া হয়। রাতে গৃহকর্মী মিলনের পরিবারকে খবর দেওয়া হয়। তারা সকালে খুলনার সোনাডাঙ্গা থানায় আসেন এবং ভিকটিমের মা মিনতি রানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনার ভিডিও চিত্র সারাদেশে আলোচনায় স্থান পায় এবং বিষয়টি দেখে মেয়েটির মা খুলনায় আসার উদ্যোগ নেন। তিনি আরও জানান, গতকাল বুধবার থেকে পুলিশ দম্পতি গৃহকর্মী সম্পর্কে আমাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলতে থাকেন। থানায় মামলা হয়েছে। তাদের দুজনকে আজ দুপুরের মধ্যে আদালতে প্রেরণ করা হবে।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, তারা দুজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা যে এ ধরনের অপরাধ করবে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক আইনি সহায়তা প্রদান করা হবে

আরো