যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডি মেইল ডেস্ক

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে পারেন। তাঁর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও দলের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে।

নিউইয়র্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সার্বিক সূচি ঠিক থাকলে এটি প্রধানমন্ত্রীর ৮ থেকে ১০ দিনের সফর হতে পারে। ইতোমধ্যে সফরসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সদর দপ্তরের মিলনায়তনে একই সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধান ও সভাপতির আসন অলংকৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হতে পারে বলে মনে করছেন তারা।

এদিকে দীর্ঘ দুই দশকের বিরতি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তিনি। আবারও দীর্ঘদিন পর তাঁর যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন কর্মসূচি সফল করতে এরই মধ্যে অনলাইনে ভার্চুয়াল যৌথ প্রস্তুতি সভা করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনো সফরসূচি চূড়ান্ত হয়নি। সূচি চূড়ান্ত করার কার্যক্রম চলছে।

উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুলাই মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি, করিডোর স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর কয়েকটি দেশ থেকে আমন্ত্রণ এলেও জাতিসংঘ অধিবেশনে যোগদানের আগে প্রধানমন্ত্রী আপাতত অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে কূটনৈতিক ও দলীয় সূত্র বলছে, ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাতে পারেন। অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের মূল মিলনায়তনে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে পারেন তিনি।

এছাড়া দলীয় সূত্র জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হতে পারে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এরপর ২৮ সেপ্টেম্বর সানফ্রান্সিসকো থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো