বুধবার গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন
রাজধানীর গণভবন প্রাঙ্গণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আগামীকাল । বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করবেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখবেন এবং আন্দোলনের ইতিহাস সম্পর্কে অবহিত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে বক্তব্য দেবেন জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি আন্দোলনের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
সাংস্কৃতিক পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা থাকবে।
মন্ত্রী জানান, অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাবেন। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে সাবেক গণভবনকে এ জাদুঘরে রূপান্তর করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আরও বলেন, ৫ আগস্ট উদ্বোধনের পর ৬ আগস্ট থেকে জাদুঘরটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রবেশমূল্য বড়দের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাদুঘর নির্মাণ বা পরিচালনা নিয়ে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করা হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ওমর খৈয়াম উপস্থিত ছিলেন।