সরকারের ১৮০ দিনের অর্জন জানানো হবে: তথ্য উপদেষ্টা

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। ছয় মাস বা ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, রেলপথ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামের নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

তিনি জানান, ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী করছে, তার মূল্যায়ন চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে এজন্য একটি কমিটি রয়েছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। অত্যন্ত সূক্ষ্মভাবে সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে। ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে বিষয়গুলো তুলে ধরবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের আট হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার এক হাজার ৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে একই সুবিধা পাবে।

পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা কামনা
পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা চেয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শুধু চাপ প্রয়োগ বা জরিমানা করে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা কঠিন। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিটিএমসি) মাধ্যমে তৈরি নয় হাজার পাটের গ্রোসারি ব্যাগ স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, পলিথিন বা প্লাস্টিকের তুলনায় পাটের ব্যাগ হয়তো তাৎক্ষণিকভাবে সবার কাছে বেশি সুবিধাজনক মনে নাও হতে পারে। তবে দীর্ঘমেয়াদে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতি বিবেচনায় নিয়ে জনগণ এ বিষয়ে সহযোগিতা করবেন বলে আশা করা হচ্ছে। এটি শুধু সরকারের জন্য নয়, বরং নিজেদের জন্যই করা হচ্ছে।

বিটিএমসির ১৬ মিল পিপিপির আওতায়
উপদেষ্টা জানান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ২৫টি মিলের মধ্যে ১৬টি মিল সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে।

তিনি বলেন, বছরের পর বছর সরকারি মিল-কারখানাগুলো ভর্তুকি দিয়ে চালাতে গিয়ে জনগণের অর্থের এক ধরনের অপচয় হয়েছে। সরকারের সিদ্ধান্ত হলো এসব প্রতিষ্ঠানকে লাভজনক করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্বই সবচেয়ে ভালো বিকল্প।

সিলেটে বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন জেলায় প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন করেছে। এটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের পাশাপাশি প্ল্যান্টটি একটি বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতেও ভূমিকা রাখবে বলে জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, বিল নার্সারিতে ২ দশমিক ৭৫ মেট্রিক টন রেণুপোনা অবমুক্ত করা হয়েছে। এটি উন্মুক্ত জলাশয়ে মাছের সংখ্যা বাড়াতে ভূমিকা রাখবে।

এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় আইন বাস্তবায়নে ৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ১৭৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।

৭০ হাজার ৮৬১ পরিবার পেয়েছে ফ্যামিলি কার্ড
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক সুরক্ষাখাতে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, পরীক্ষামূলক পাইলটিংয়ের অংশ হিসেবে গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়। জুন ২০২৬ পর্যন্ত ৭০ হাজার ৮৬১টি ফ্যামিলি কার্ড বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২০২৬-২৭ অর্থবছরে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ শেষে আগামী ১০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

বিমানের যাত্রী দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা সম্প্রতি বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এ ঘটনায় মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে আগেই যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, বিমানের প্রয়োজনীয় একটি যন্ত্রাংশ ইউরোপীয় অংশীদারের কাছে না থাকায় বাংলাদেশ থেকে সেটি নিয়ে যেতে হয়েছিল। এ কারণেই সংকট তৈরি হয়। পাশাপাশি ইমিগ্রেশন-সংক্রান্ত কারণে যাত্রীরা বিমানবন্দরের বাইরে যেতে পারেননি। এতে তাদের অত্যন্ত কষ্ট হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সরকারের ১৮০ দিনের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি বিস্তারিতভাবে মূল্যায়ন করা হচ্ছে। এর পূর্ণাঙ্গ তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।

সরকারের ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী জাতির সামনে ভাষণ দেবেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রম প্রধানমন্ত্রীর জনগণের সামনে তুলে ধরার সম্ভাবনা আছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

আরো