আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায়। স্বল্পমেয়াদি এই অধিবেশনে বিদ্যুৎ ও গ্যাসের সংকট, সারের সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের বাজার এবং সীমান্ত পরিস্থিতিসহ জনস্বার্থের বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং বাকি সংসদীয় কমিটিগুলো গঠনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অধিবেশন শুরুর আগে দুপুর ২টায় স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেবেন। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, তৃতীয় অধিবেশন প্রায় ১১ কার্যদিবস চলতে পারে। তবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকেই বিষয়টি চূড়ান্ত হবে। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, বিভিন্ন বিল এবং বিধি ৭১-এর নোটিশ নিয়ে আলোচনা হতে পারে।

সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গত ১১ আগস্ট সংসদের এই অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশন বসার ক্ষেত্রে ৬০ দিনের বেশি বিরতি রাখার সুযোগ নেই। গত ১৫ জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছিল।

সংকটের বিষয়গুলো সামনে আনতে পারে বিরোধী দল
তৃতীয় অধিবেশনে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি জনভোগান্তির বিষয়গুলো তুলে ধরতে পারে বিরোধী দল। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সংকট, সারের প্রাপ্যতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা হতে পারে।

বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য এসব বিষয়ে মুলতবি প্রস্তাবের নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সংসদের কার্যসূচিতে সুযোগ পেলে সংকটের কারণ এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইতে পারেন তারা।

সীমান্তে হত্যা এবং অবৈধ পুশইনের বিষয়টিও অধিবেশনে উঠতে পারে। ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান) আগের অধিবেশনে এ বিষয়ে আলোচনার জন্য নোটিশ দিয়েছিলেন। বাজেট অধিবেশনে সময়ের স্বল্পতার কারণে তখন বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এবার আবারও তা সংসদে তোলার উদ্যোগ থাকতে পারে।

গুরুত্বপূর্ণ কয়েকটি বিল সংসদে
তৃতীয় অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন সংসদে উত্থাপনের জন্য প্রস্তুত রয়েছে।

এ ছাড়া মন্ত্রিসভায় অনুমোদিত ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইনও সংসদে আসতে পারে। র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত বাহিনী গঠনের লক্ষ্যে প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন নিয়েও কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব আইনের কয়েকটি চলতি অধিবেশনেই পাস হতে পারে।

গঠন হবে বাকি সংসদীয় কমিটি
সংসদের তৃতীয় অধিবেশনে বাকি সংসদীয় কমিটিগুলো গঠনও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের প্রথম তিনটি অধিবেশনের মধ্যে সংসদীয় কমিটিগুলো গঠনের কথা রয়েছে। প্রথম দুই অধিবেশনে ইতোমধ্যে ১৫টি কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। এরই মধ্যে নয়টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ছয়টি বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। বাকি ৩৫টি কমিটি এবার গঠনের কথা রয়েছে।

কমিটির সভাপতি পদে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা রয়েছে। জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী, সংসদে আসনসংখ্যার অনুপাতে বিরোধী দলের ৫০টি কমিটির মধ্যে ১১টির সভাপতি হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত গঠিত ১৫টি কমিটির মধ্যে মাত্র একটির সভাপতি পদ বিরোধী দল পেয়েছে।

বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

সংক্ষিপ্ত হলেও গুরুত্ব পাচ্ছে অধিবেশন
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদ অধিবেশন শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অধিবেশনটি স্বল্পমেয়াদি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের উদ্যোগ রয়েছে। বিরোধী দল জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় সংসদে তুললে তা নিয়ে আলোচনা করা হবে।

একই সঙ্গে সংসদীয় কমিটিগুলোর গঠনও সম্পন্ন করার কথা জানান তিনি। ফলে সময়ের হিসাবে অধিবেশনটি ছোট হলেও আইন প্রণয়ন, সরকারের জবাবদিহি এবং জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরো