সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের বার্ষিকী প্রকাশনার মোড়ক উন্মোচন
এইচ এম শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চাকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিকী ‘জাগরণ’ উৎসব ও প্রকাশনা অনুষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে মিলন ও আনন্দের এক বিশেষ উপলক্ষ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফেজ সুলতান আহমদ। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীলতার ওপর। তাই শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. ছবীর আহমেদ আখন্দ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাসিম উদ্দিন হাওলাদার। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক মো. জহীরুল ইসলাম।
আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল কলেজের বার্ষিকী প্রকাশনা ‘জাগরণ’। অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনাটিতে জুলাই জাগরণ, নতুন প্রজন্মের চিন্তা ও স্বপ্ন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
