নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নানের অস্বাভাবিক আচরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশের দাবি, এসআই মান্নান মানসিক রোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গানের সঙ্গে উদ্যম নেচে এলোমেলো কথাবার্তা বলছেন এএসআই মান্নান। এমন পরিস্থিতিতে আশপাশে লোকজন জড়ো হয়ে নানা মন্তব্য করতে থাকে। কেউ কেউ বলছিল, নেশাগ্রস্ত হয়ে তিনি এমন করছেন।
এ ঘটনায় শনিবার এসআই মান্নানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান প্রধান এবং এসআই ফারুক আহমেদ পাটোয়ারীকে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, এসআই মান্নান মানসিক রোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন আছেন। তিনি ২০ দিন আগে নারায়ণগঞ্জ সদর নৌ থানায় যোগদান করেন। এর আগে র্যাব-৩-এ কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে এএসআই মান্নান সিলেটে বসবাসরত তার স্ত্রীকে ভিডিও কল করে নানা কথা বলে জানান, তিনি আত্মহত্যা করবেন। পরে মায়ের সঙ্গে কথা হলে তিনি শান্ত হোন।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের এএসপি আরিফুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি নেশা করেছিলেন, নাকি মানসিক রোগী—তা তদন্তের আগে বলা যাচ্ছে না।
