হিজড়া সম্প্রদায়ের গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে নিজ বাসা থেকে ৫২ বছর বয়সী মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছে তিনি হিজড়া সম্প্রদায়ের একটি অংশের ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, মৌসুমীর গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত প্রায় দুইটা পর্যন্ত প্রতিবেশীদের সঙ্গে গল্প করেন মৌসুমী। এরপর নিজের কক্ষে ঘুমাতে যান। ভোররাতে পাশের কক্ষের বাসিন্দারা তাঁর ঘর থেকে বাগ্‌বিতণ্ডার শব্দ শুনলেও পরিচিত কারও সঙ্গে কথা বলছেন ভেবে বিষয়টি গুরুত্ব দেননি।
শনিবার সকাল ১০টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁকে ডাকতে যান। এ সময় বাসার দরজা খোলা দেখতে পান তারা। পরে শয়নকক্ষে বিছানার ওপর মৌসুমীকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম জানিয়েছেন, মৌসুমীর গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানায়, বাসার পেছনে মৌসুমীর একটি গরুর খামার রয়েছে। শুক্রবার ওই খামারের একটি গরু বিক্রি করা হয়েছিল। গরু বিক্রির টাকা তাঁর কাছে ছিল বলে পুলিশ জানতে পেরেছে। কিন্তু ঘটনার পর সেই টাকা ও তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো