নিখোঁজ জাহাজের ১০২ জন উদ্ধার, অভিযান চলছে

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া জাহাজের ১০২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত অবস্থায় পাওয়া গেছে আরও একজনকে। নিখোঁজ বাকি যাত্রী ও ক্রুদের খুঁজে বের করতে এখনো অভিযান চলছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটির যাত্রীদের খোঁজে হেলিকপ্টার ও অন্য আরেকটি জাহাজ পাঠানো হয়। নিখোঁজ হওয়ার সময় এ জাহাজে ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে এটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে।

জাহাজটি জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনে যাচ্ছিল। কিন্তু বানজারমাসিন থেকে ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটি নিখোঁজ হয়ে যায়। এরপর এটির সর্বশেষ অবস্থান লক্ষ্য করে উদ্ধারকারীরা দ্রুত সেখানে ছুটে যান।

ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। ফলে সেখানকার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাত্রাবাহী জাহাজ ও ফেরি ব্যবহার করে থাকেন।

গত মাসে মাদুরা দ্বীপে এমন একটি জাহাজে আগুন লেগে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়।

সূত্র: বিবিসি

আরো