বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: পরিবহন ও সেতুমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, নতুন ভাড়ার বিষয়ে আজই গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরই তা কার্যকর হবে। বাস মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি থাকলেও দীর্ঘ আলোচনার পর ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকারকে বিভিন্ন বিষয় সমন্বয় করতে হয়। তবে ভাড়া বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর যে চাপ তৈরি হবে, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনো বাসে আদায় করা হলে সেই বাসের রুট পারমিট বাতিল করা হবে।

রেলভাড়া প্রসঙ্গে মন্ত্রী জানান, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক হবে। লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি রয়েছে বলেও জানান তিনি।

আরো