সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়েছে। বগিগুলো লাউয়াছড়া বনের ভেতরে রেখে ট্রেনের অপর অংশ শ্রীমঙ্গল রেল স্টেশনে চলে গেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হুসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি অংশে বগির সংযোগের হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি দুই অংশে বিভক্ত হয়ে পড়ে। ছয়টি বগি লাউয়াছড়া এলাকায় রেখে ইঞ্জিনসহ অপর অংশের বগিগুলো নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেল স্টেশনে চলে যায়।

পরে লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা বগিগুলো উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযোগের কাজ শুরু করেছেন। তবে, বিকেল ৫টা পর্যন্ত লাউয়াছড়া বনের ভেতরে থাকা ছয়টি বগি সরানো সম্ভব হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হুসেন বলেছেন, হুক ছিঁড়ে লাউয়াছড়ায় পড়ে থাকা ছয়টি বগি আনার জন্য ইঞ্জিন পাঠানো হয়েছে। সংযোগের কাজ শেষ হলে কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

আরো