নারায়ণগঞ্জে লায়ন্সের অক্টোবর সেবাপক্ষ শুরু

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর নারায়ণগঞ্জ অঞ্চলের ৯টি ক্লাবের যৌথ উদ্যোগে অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ কলেজে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ক্লাবের লায়ন সদস্যরা প্ল্যাকার্ড ও নানা সাজসজ্জা নিয়ে অংশ নেন।

র‍্যালি শেষে নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে জেলা গভর্নর টিমকে সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল পর্যন্ত গভর্নর টিম বিভিন্ন ক্লাব পরিচালিত জনকল্যাণমূলক সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ২-এর জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, আইপিডিজি লায়ন শংকর কুমার রায় এমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন ইমরান ফারুক মঈন পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান এবং জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন এনায়েতউল্ল্যাহ সফিকসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ অঞ্চলের কো-অর্ডিনেটর লায়ন মিলিয়া আফরোজ তৃপ্তির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপারসন লায়ন শহীদুল আযম রাসেল, জোন চেয়ারপারসন লায়ন ইলা মরিয়ম ও লায়ন রাসেল সিরাজীসহ ৯টি ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।

উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম ১৫ দিন লায়ন্স ক্লাবগুলো বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে ‘অক্টোবর সেবাপক্ষ’ পালন করে।

আরো