পল্লবীর কুখ্যাত ‘কাইল্লা মোতালেব’ আটক, ২ হত্যাসহ ৯ মামলার আসামি
রাজধানীর পল্লবী এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ‘কাইল্লা মোতালেব’কে (৪৬) আটক করেছে পল্লবী থানার এসআই সালাউদ্দিন। তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার এসআই মোহাম্মদ সালাউদ্দিন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পল্লবী জোনের সহকারি কমিশনার স্যারের নির্দেশে এবং পল্লবী থানা ওসি স্যারের সহযোগিতায় তাকে আমরা আটক করি।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর আনুমানিক ১২.৩০ মিনিটে কালশী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, কাইল্লা মোতালেব এলাকার চিহ্নিত অপরাধী। তার নামে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি হত্যা মামলা। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালশী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক কাইল্লা মোতালেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এই আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, কাইল্লা মোতালেবের ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পেত না। পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ কমবে বলে মনে করছেন তারা।
