হ্যালোইনে ভিন্ন রূপে অপু বিশ্বাস
বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে হ্যালোইন উৎসব। এ উৎসবে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সেই তালিকায় রয়েছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার সম্পূর্ণ ভিন্ন ও রহস্যময় সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হ্যালোইন লুকের কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে কালো লেসের স্লিট গাউনে গথিক ধাঁচের সাজে দেখা গেছে। ঝুলন্ত ল্যাম্পের নিচে সোফায় বসা ও হাতে প্রাচীন ধাঁচের লণ্ঠন নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
গাঢ় লাল লিপস্টিক, ভারী মেকআপ, ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল ও কনটাক্ট লেন্সে তার পুরো সাজে ফুটে উঠেছে রহস্যময় আবহ। চেনা চেহারার বাইরে এই নতুন লুকে যেন অন্য এক অপুকে আবিষ্কার করেছেন ভক্তরা।
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে। ভক্ত-অনুরাগীরা তার ব্যতিক্রমী সাজের প্রশংসা করছেন এবং মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।
ফ্যাশন ও গ্ল্যামারাস উপস্থিতির জন্য বরাবরই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। হ্যালোইনের এই ভিন্নধর্মী সাজেও নতুন করে নজর কেড়েছেন ঢালিউডের এই জনপ্রিয় চিত্রনায়িকা।
