টিটিপাড়া আন্ডারপাসের নিচে স্টার লাইনসহ কয়েকটি পরিবহনের দখল
স্টাফ রিপোর্টার: রাজধানীর টিটিপাড়া আন্ডারপাসের নিচে বর্তমানে স্টার লাইনসহ আরো কয়েকটি পরিবহনের গাড়ি রাখার স্থান বানানো হয়েছে। ফলে আন্ডারপাসের দুই পাশে সারি সারি বাস রেখে দেওয়ায় এলাকায় প্রায় সময়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটছে।
স্থানীয়রা জানান, আন্ডারপাসটি মূলত যান চলাচল সহজ করতে এবং পথচারীদের পারাপারের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এখন আন্ডারপাসের নিচের জায়গা ও দুই পাশের রাস্তা দখল করে পরিবহনগুলো তাদের বাস পার্কিং করে রাখছে। যাত্রী তোলা-নামার জন্য বাসগুলো দীর্ঘক্ষণ রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে।
এতে করে কমলাপুর, মালিবাগ ও সায়েদাবাদগামী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়ছেন। অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হচ্ছে। অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনও চলাচল করতে পারছে না।
এ বিষয়ে লাইন পরিবহনের জিএম কে ফোন দেয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের জানা নেই। ড্রাইভাররা দেখে চলে গেছেন কিনা আমরা খোঁজ নিয়ে দেখতেছি।
একজন ভুক্তভোগী বলেন, আগে এই জায়গাটা ফাঁকা ছিল, এখন স্টার লাইন বাসসহ অন্য বাসগুলো দুই পাশে দাঁড় করিয়ে রাখে। পুরো রাস্তা জ্যাম হয়ে যায়।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আন্ডারপাসের নিচ থেকে অবৈধ পার্কিং ও উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী।