ঢাকায় ৩৯টি নির্ধারিত বিক্রয়কেন্দ্রে মিলবে ফ্রেশ এলপি গ্যাস

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) গ্রাহকদের কাছে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের মাধ্যমে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত দামে ফ্রেশ এলপি গ্যাস কিনতে পারবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার মিরপুর-১৫ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাজারে বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে এলপিজি পাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের ন্যায্যমূল্যে গ্যাস সরবরাহ এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলো সহজে চিহ্নিত করতে সেখানে বিশেষ প্রচার ব্যানার স্থাপন করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রয়কেন্দ্রগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর প্রকাশ করা হচ্ছে, যাতে গ্রাহকরা সহজেই এসব কেন্দ্র থেকে নির্ধারিত মূল্যে গ্যাস সংগ্রহ করতে পারেন।

অনুষ্ঠানে আবু সাঈদ রাজা বলেন, এ উদ্যোগের মাধ্যমে পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চান তারা। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের সঠিক তথ্য জানার সুযোগ ভোক্তাদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফ্রেশ এলপি গ্যাসের এ উদ্যোগের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে এলপিজির প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আরো