করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি
১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ টেলিযোগাযোগ ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে রবি আজিয়াটা পিএলসি। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ পুরস্কার প্রদান করে।
২০২৫ সালে সুশাসন চর্চায় বিশেষ সাফল্য দেখানো পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোডসহ সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ।
এ ছাড়া রবির অ্যাসোসিয়েট ডিরেক্টর, কোম্পানি সেক্রেটারিয়েট মো. শহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার ফাতিনাহ জাহরা আখতার খান এবং জেনারেল ম্যানেজার মহিউদ্দিন সিদ্দিকী মঞ্চে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
আইসিএসবি সভাপতি মোহাম্মদ শাহজাহান এফসিএসের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন এফসিএস করপোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড প্রদানের নীতিমালা ও মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।