মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জ (বাগেরহাট):
বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের আমন্ত্রণে সভায়, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম-সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান আকাশ (আরএমও), প্রধান সহকারী ডা. মাতুব্বর রেদোয়ান আহম্মেদ, স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. শফিকুল ইসলাম, ফার্মাসিস্ট মো. হেমায়েত, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ইলিয়াস হোসেন ও স্বাস্থ্য সহকারী মো. রিয়াজুল হক তালুকদার।সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কার্যক্রম, সমস্যা ও উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করা হয়। ডা. মুজাহিদুল ইসলাম উল্লেখ করেন যে, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। এছাড়াও, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।তিনি আরও জানান, হাসপাতালের কাঠামোগত সমস্যার কারণে শয্যাসংখ্যা সীমিত হওয়ায় অনেক সময় রোগীদের স্থান সংকট দেখা দেয়। জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বড় ধরনের অস্ত্রোপচার করা সম্ভব হয় না।,ডাক্তারদের থাকার জন্য কোয়ার্টারগুলোর অবস্থা জরাজীর্ণ হয়ে পড়ায় সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করাসহ হাসপাতালের সেবার মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা আর বিভিন্ন সমস্যা সমাধান হবে। এতে করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন তরান্বিত হবে।
সভায় উপস্থিত সাংবাদিক ও অন্যান্য অংশগ্রহণকারী সকলে উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।
