ডা. জোবায়দার জীবন নিয়ে শঙ্কিত বিএনপি, পুলিশ প্রটোকল চেয়ে আবেদন

বিএনপির দলীয় প্রচারণা অনুযায়ী, লন্ডনে চিকিৎসা শেষে আগামী ৫ মে দেশে ফিরছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করতে চলছে দলীয় আয়োজন, সরকারের কাছে চাওয়া হয়েছে সার্বিক সহযোগীতা। সূত্রমতে, সবকিছু ঠিক থাকলে বেগম জিয়ার সঙ্গে প্রায় দেড় যুগ পর দেশে আসবেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। তবে, একটি চিঠির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে দেশে ডা. জোবায়দার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিএনপি। দলটির পক্ষ থেকে তার চলাফেরা এবং বাড়িতে অবস্থানকালীন নিরাপত্তার জন্য সশস্ত্র গানম্যানসহ সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে।
যদিও, বিএনপির অভ্যন্তরীন একটি দায়িত্বশীল সূত্র দাবি করেছে, সহসাই ফিরছেন না বেগম জিয়া। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে তার আগমনের তারিখ ঘোষণা করা হয়েছে। আবার নতুন তারিখ আসতে পারে।
এদিকে, হাতে আসা চিঠিতে দেখা যাচ্ছে, গত ৩০ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত দলীয় প্যাডে পুলিশের মহাপরিদর্শক বরাবর আবেদন করা হয়েছে।
তাতে বলা হয়েছে, ৪ মে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। তার সফরসঙ্গী হিসেবে দেশে এসে ঢাকার ধানমন্ডিস্থ বাবার বাড়িতে থাকবেন ডা. জোবায়দা রহমান।
চিঠিতে উল্লেক আছে, জিয়া পরিবারের সদস্য ও তারেক রহমানের স্ত্রী হিসেবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তিনি বাসায় অবস্থান এবং যাতায়াতের সময়ে চার ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে। নিরাপত্তার ধরনগুলো হচ্ছে- একজন সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশ পাহাড়া ও বাসায় আর্চওয়ে স্থাপন।
পুলিশ প্রধান বরাবর দেওয়া আবেদনপত্রের অনুলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ডিএমপি কমিশনার ও স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিবকে।
ডা. জোবায়দার জীবন নিয়ে অনিরাপদ বোধ করার বিষয়ে জানতে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করলেও কেউ কথা বলতে রাজি না হওয়ায় সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

আরো