আমেরিকান ভিসা সেন্টার: নাম দেখে মনে হয় তারাই আমেরিকার ভিসা দিচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রাণকেন্দ্র বলা হয় মতিঝিল এলাকাকে। সেখানকার অতিপরিচিত ভবন সিটি সেন্টার। চলার পথে সেটির পাশের ভবনে তাকাতেই চোখ আটকে গেল! সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা ‘আমেরিকান ভিসা সেন্টার’। এই নাম দেখে প্রতিবেদকের মত যে কারোরই মনে হবে, এই অফিসে গেলেই মিলবে আমেরিকার ভিসা। কিন্তু আদতে কি তাই?
এমন নাম দেখে কৌতূহলবশত ভবনের ৭ তলায় থাকা আমেরিকান ভিসা সেন্টারের অফিসে গিয়ে জানা গেল ভিন্ন কথা। কেবল আমেরিকা যেতে আগ্রহী মানুষদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন তারা, যাকে বলে কনসালটেন্সি। শুধুমাত্র পরামর্শ দিতে প্রতিষ্ঠান খুলে সেটির নাম দিয়েছেন আমেরিকা ভিসা সেন্টার।
ওই অফিস থেকে বেরিয়ে বাইরে কয়েকজন পথচারী ও আশপাশের মানুষের সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা বলেন, এমন একটা নাম দিয়েছে যেন তারাই আমেরিকার ভিসা দিচ্ছে। এটাকে এক ধরনের প্রতারণা বলা যায়। কারণ আমেরিকান ভিসা সেন্টার নাম দেখেই মানুষ সেখানে ভিসা পাওয়ার আশায় প্রবেশ করবে। অথচ প্রতিষ্ঠানটির শুধুমাত্র কিছু বিষযে পরামর্শ দেওয়া ছাড়া আর কোন সহযোগিতা করার ক্ষমতা নেই। অথচ সেসব পরামর্শ আজকাল ইউটিউবেও পাওয়া যায়। আর এরা এখানে সেই পরামর্শ দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে।

তারা আরো বলেন, বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর প্রায় সবাই প্রতারক। আর সাধারণ মানুষ ইউরোপের কথা শুনলে আরো আগ্রহী হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে এমন চটকদার নাম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে প্রতিষ্ঠানটি। তাদের পরামর্শে আগ্রহীরা খুব একটা উপকৃত হয়েছে বলে শোনা যায়নি। তবে, পরামর্শ কাজে লাগুক আর না লাগুক, বড় অংকের ফি ঠিকই গুণতে হয়।
আমেরিকান ভিসা সেন্টার অফিসের ভেতরে গেলে পাওয়া যায় প্রতিষ্ঠানটির মালিক মিস্টার অনন্যকে। তিনি বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, কনসালটেন্সি প্রতিষ্ঠান করতে কোন এম্বাসির অনুমোদন লাগে না। সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিলেই হয়।
প্রতিষ্ঠানের এমন নাম দিতে পারেন কিনা? এ প্রশ্নের জবাবে অনন্য বলেন, এটা হতেই পারে। ইউএস এম্বাসির কোন আপত্তি থাকলে তারা বাংলাদেশ সরকারকে জানাতে পারে। সরকার নির্দেশ দিলে নাম পরিবর্তন করে দেব।
তিনি আরো জানান, আবেদনকারীর প্রোফাইল বুঝে ফি নির্ধারণ করা হয়। সেটা ৩০ হাজার হতে পারে, ৫০ হাজারও হতে পারে।
আমেরিকার বাংলাদেশস্থ দূতাবাসে বিষয়টি আলাপ করলে দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, দূতাবাস থেকে অনুমতি নিয়েছে এই নামে কোনো কনসালটেন্সি প্রতিষ্ঠান নেই। প্রতারণার অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।