‘আমেরিকান ভিসা সেন্টার’ তদবিরে মিলেছে ট্রেড লাইসেন্স জানালেন কর্মকর্তা

মতিঝিল এলাকায় অবস্থিত আমেরিকান ভিসা সেন্টারের নামকরণ ও এই নামে ট্রেড লাইসেন্স প্রাপ্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। যে নামটি দেখলেই মনে হয় সেখানে আমেরিকার ভিসা দেয়া হয়! অথচ সেটি শুধু পরামর্শ দেয়ার প্রতিষ্ঠান। আমেরিকার মত দেশের নাম জুড়ে দিয়ে এমন স্পর্শকাতর নামকরণ করা একটি প্রতিষ্ঠানকে সিটি করপোরেশন কিভাবে ট্রেড লাইসেন্স দিল? এই প্রশ্ন অনেকের। অভিযোগ উঠেছে, ঘুষ আর জোর তদবিরের কারণে এমন বিতর্কিত নামে ট্রেড লাইসেন্স দিয়েছে সিটি করপোরেশন।

জানা গেছে, মতিঝিল এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করাতে হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খিলগাঁও এলাকায় অবস্থিত অঞ্চল-২ কার্যালয় লাগোয়া ট্রেড লাইসেন্স শাখা থেকে। ওই শাখার দায়িত্বশীল কর্মকর্তার কাছে গিয়ে প্রথমে জানতে চাওয়া হয়, ‘আমেরিকান ভিসা সেন্টার’ নামে একটি ট্রেড লাইসেন্স দেয়া যাবে কিনা। ওই কর্মকর্তা সাফ জানিয়ে দেন, বিদেশি কোনো দেশের নাম সম্বলিত প্রতিষ্ঠানের লাইসেন্স দেয়া নিষেধ। তখন মতিঝিলের আমেরিকান ভিসা সেন্টারের সাইনবোর্ডের ছবি দেখালে তিনি বলেন, এটা হয়তো অনেক আগের ট্রেড লাইসেন্স নেয়া। বর্তমানে এমন নামে লাইসেন্স কোনোভাবেই দেয়া যাবে না।
কেন দেয়া যাবে না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় প্রতিষ্ঠানের নামের সঙ্গে অন্য দেশের নাম থাকলে সেটিকে অসৎ উপায়ে ব্যবহারের একাধিক ঘটনা ঘটেছে। ফলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এ ধরনের নামে ট্রেড লাইসেন্স দেয়া হবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, মতিঝিলের আমেরিকান ভিসা সেন্টার প্রতিষ্ঠানটিও নাম দিয়ে মানুষের চোখে ধুলো দিচ্ছে। তাদের সাইনবোর্ড দেখে মানুষ আমেরিকার যাওয়ার স্বপ্ন নিয়ে সেখানে গেলে কিছু গতানুগতিক পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটি হাতিয়ে নিচ্ছে প্রায় অর্ধলক্ষ টাকা।

প্রতিষ্ঠানটির মালিক মি. অনন্যর কাছে জানতে চাওয়া হয়েছিল, আপনাদের পরামর্শ বা সেবা নিয়ে এখন পর্যন্ত কতজন মানুষ আমেরিকা গিয়েছে? তিনি বলেন, সেটির সংখ্যা আমাদের নেই। তবে অনেক মানুষ গিয়েছে। সেবা গ্রহীতাদের তালিকা না থাকলে হিসেব ছাড়া কিভাবে আয়কর দেয় এই প্রতিষ্ঠান, এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মি. অনন্য।

আরো