হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় বিএনপি নেতাদের নামে মামলার প্রতিবাদ
গাজীপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতাদের নাম জড়িয়ে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় জনতা।
বুধবার (৭ মে) সকালে গাজীপুরের শ্রীপুর মডেল থানা ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অংশ নেন প্রায় ৩ শতাধিক স্থানীয় বাসিন্দা। তারা অভিযোগ করেন, বিএনপির গাজীপুর জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মোল্লা ও বরমী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সওকত মীরকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
বক্তারা বলেন, “এটি একটি সম্পূর্ণ সাজানো মামলা, যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে। দীর্ঘদিন ধরে যারা মাঠের রাজনীতিতে সক্রিয়, তাদের বিরুদ্ধে হঠাৎ করে এমন অভিযোগ শুধুই ষড়যন্ত্রের অংশ।”
মানববন্ধন থেকে নেতাকর্মীরা দুই বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ মামলা বানিজ্যে যারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত, গত রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ওইদিন তিনি সালনা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন।
জানা গেছে, যানজটে আটকে পড়া অবস্থায় ৪-৫টি মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনি আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে ঢাকায় পাঠানো হয়।
এই ঘটনায় বাসন মেট্রোপলিটন থানায় মামলা করে এনসিপি। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, হামলার সঙ্গে যাদের নাম রয়েছে তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না এবং পুরো মামলাটিই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনার ন্যায়সঙ্গত তদন্ত ও অভিযুক্তদের নির্দোষ প্রমাণিত হলে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, “বিরোধী রাজনীতিকে দমন করতেই এখন মিথ্যা মামলা একপ্রকার হাতিয়ার হয়ে উঠেছে।”
