বাগেরহাটে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র, মাদকসহ ৮ জন আটক
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে সদর উপজেলার রাহাতের মোড় এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– এসকে সুমন (বিষ্ণুপুর, বেমারতা ইউনিয়ন),মো. জাহিদুল ইসলাম (চন্দ্রপাড়া, কচুয়া), মো. হৃদয় মল্লিক (সদর),
মো. জাকারিয়া হোসেন (রঘুনাথপুর, নাজিরপুর), মোহাম্মদ অভি (গোপালপুর, কচুয়া), শেখ মুফাসসিল হোসেন (বিষ্ণুপুর, সদর),সবুজ কুমার সাহা (বারইখালী, কচুয়া),রিক্তা আক্তার (বিষ্ণুপুর, সদর)।
তাদের কাছ থেকে ৫টি ইয়াবা, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার জব্দ করা হয়।
সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।