চাঁদাবাজি নিয়ে লাইভ করায় গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
নাঈম গাজীপুর: গাজীপুরে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করার কিছুক্ষণ পরই দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিক। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা মোড়ে মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
চাঁদাবাজির বিরুদ্ধে লাইভের কয়েক ঘণ্টা পরেই হামলা
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করেন তুহিন। পরে রাত ৮টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, তদন্ত চলছে
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সচেতন মহল এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
