বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের বিরোধ জেলা নেতাদের মধ্যস্থতায় সমাধান
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে দীর্ঘদিনের দ্বন্দ্বে জড়িয়ে থাকা বিএনপির দুই পক্ষ অবশেষে সমঝোতায় পৌঁছেছে। সোমবার (১১ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে বিরোধ মীমাংসা হয়।
আসন্ন ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এই বিরোধ তীব্র আকার ধারণ করেছিল। এর আগে দুই দফা সংঘর্ষে ৩০ জনের বেশি আহত হন। ২ আগস্ট রাতে সভাপতি প্রার্থী আব্দুল আলীমের অনুসারীরা সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলক ও তার সমর্থকদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, এতে কয়েকজন গুরুতর জখম হন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে ৩ আগস্ট বিকেলে সন্ন্যাসী বাজারে পলকের সমর্থকেরা মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে। কিন্তু কর্মসূচি শুরু হওয়ার আগে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, চলে ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি সামাল দিতে পুলিশের উপস্থিতি সত্ত্বেও প্রায় ২০ জন আহত হন এবং বাজারের অন্তত ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে উপজেলা বিএনপির নেতৃত্ব ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পেলে জেলা বিএনপি বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। পরবর্তীতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়।
সমঝোতা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, ডা. লায়ন ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, রামপাল উপজেলা আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাদউদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজসহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
