বাগেরহাটে সুইস গেট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের খেগড়াঘাট এলাকায় সুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা, নদী–খাল ভাঙন ও জোয়ারের পানি ঢুকে পড়ার সমস্যায় ভোগান্তিতে থাকা স্থানীয়রা দ্রুত সুইস গেট নির্মাণকে এলাকার জরুরি প্রয়োজন বলে মন্তব্য করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শেখ রিপণ, কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সোহেল তরফদার, বিএনপি নেতা শেখ মোকলেসুর রহমান, গাজী মহর উদ্দিন, শেখ নিজাম উদ্দিন, তরফদার জাকারিয়া সোহাগ, রকিবুল ইসলাম পান্না, ডাক্তার মাহফুজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মল্লিক হাসান, সুমন ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করেন, সুইস গেট না থাকায় বহু বছর ধরে এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বর্ষা মৌসুমে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমিতে পানি উঠে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়। পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় নাব্যতা সংকট ও জলাবদ্ধতা আরও প্রকট হয়।
এছাড়া তারা অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে সুইস গেট নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন মহলের বাধা ও প্রভাবশালীদের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের কারণে প্রকল্পটি আজও বাস্তবায়িত হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা।
স্থানীয়দের দাবি, ভাঙন ও জলাবদ্ধতা থেকে বাঁচতে দ্রুত সুইস গেট নির্মাণের অনুমোদন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
