হযরত শাহজালালে ৪ যাত্রীর শরীরে লুকানো ১০২ মোবাইল জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ জন অভ্যন্তরীণ যাত্রীর কাছ থেকে মোট ১০২টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস ও এভসেকের যৌথ দল।
আজ সকাল ১১:২০ মিনিটে দুবাই–চট্টগ্রাম–ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-148 ঢাকায় অবতরণ করলে পূর্ব-তথ্যের ভিত্তিতে যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালানো হয়। গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশিতে চার নারী যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেলসহ মোট ১০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
যাত্রীরা ফোনগুলোর বিষয়ে কোন তথ্য প্রদান করতে ব্যর্থ হওয়ায় কাস্টমস ৯৮টি মোবাইল ফোন ডিএম করে। জব্দকৃত ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই–শারজাহ রুট থেকে আসা বিমানে নিয়মিতই স্বর্ণ, মোবাইল ও সিগারেট চোরাচালানের চেষ্টা করা হয়। সাম্প্রতিক সময়ে চোরাচালানকারীরা নতুন কৌশল হিসেবে দুবাই–শারজাহ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ফ্লাইটে চট্টগ্রাম থেকে লোক উঠিয়ে বিমানের মধ্যেই স্বর্ণ ও মোবাইল হস্তান্তর করছে।
