নির্বাচন হবে না, এইটাই আজকের মেসেজ: মোহাম্মদ আসলাম চৌধুরী
২ ফেব্রুয়ারি, সোমবার রাতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক আলোচনা কালে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, এফসিএ বলেন,
“আমি এখনো বলছি—আমি আসলাম চৌধুরী যদি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারি বা প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে না পারি, তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচনে আমি যদি টিকে থাকতে না পারি, তাহলে এই নির্বাচন হবে না।”
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “এইটাই আজকের মেসেজ।”
তিনি আরও বলেন, “আমি ৮ বছর ৫ মাস ৩ দিন জেল খেটে বের হওয়ার পরে আমার এলাকার জনগণ আমাকে যেভাবে অভিবাদন জানিয়েছে, আপনাদের মাধ্যমে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমাদের নির্বাচনের সেই অভিষেক সেখান থেকেই শুরু হয়। এরপর নানা জল্পনা-কল্পনার মাধ্যমে ৩ নভেম্বর আমাদের দল ছোট ভাই কাজী সালাউদ্দিনকে মনোনয়ন ডিক্লেয়ার করে। পরবর্তী পর্যায়ে সীতাকুণ্ড, আকবরশাহ এবং এলাকার জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে এবং সবকিছু বিচার-বিশ্লেষণ করে দল আমাকে আবার মনোনয়ন দেয়।”
তিনি বলেন, “আপনারা দেখেছেন—৩ বা ৪ তারিখ আমি হতাশ কোনো ব্যক্তি নই। আমি জানতাম আমি মনোনয়ন পাব। সেই হিসেবে ধানের শীষ প্রতীকে এখন লড়ছি। আমার মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে অনেক প্রশ্ন ছিল এবং তা এখনো চলমান।”
তিনি আরও বলেন, “রিটার্নিং অফিসার আমাকে বৈধ ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনও বৈধ করেছে। কিন্তু আমার বিরোধী দল জামায়াত এখনো বিরোধিতা করেই চলেছে। তারা হাইকোর্ট-সুপ্রিম কোর্টে লড়তেই পারে। ভোটের মাঠে না লড়ে আদালতের মাধ্যমে লড়বে। কারণ হিসেবে তারা প্রশ্ন তুলছে—আমি দীর্ঘ ৮ বছর ৫ মাস ৩ দিন জেলে থাকায় আমার ব্যবসা-বাণিজ্য কীভাবে চলেছে।”
তিনি বলেন, “তবে যেহেতু রিটার্নিং অফিসার আমাকে নির্বাচন করার বৈধতা দিয়েছেন এবং নির্বাচন কমিশনও বৈধতা দিয়েছে, অতএব এ নিয়ে আর কারো কোনো দ্বিমত থাকার কথা নয়।”