ভোটগ্রহণ শেষ, শুরু গণনা
উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে গণনার প্রস্তুতি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যেসব কেন্দ্রে বিকেল ৪টার মধ্যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের ভোটগ্রহণ সম্পন্ন করে পরে গণনা শুরু করা হচ্ছে।
সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৯ ঘণ্টা বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হচ্ছে। এরপর পৃথকভাবে দুটি প্রক্রিয়ায় ভোট গণনা করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।
দিনভর দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। কোথাও কেন্দ্র দখলের চেষ্টা, কোথাও জালভোট দেওয়ার অভিযোগ উঠেছে। কিছু স্থানে হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় আহত হওয়ার খবরও মিলেছে। খুলনার ভৈরবে বিএনপির এক নেতা অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
তবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কোথাও ভোটগ্রহণ বন্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট। তাদের অভিযোগ, এসব কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি।
নির্বাচন পরিচালনায় মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। প্রিসাইডিং অফিসার ছিলেন ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
২৯৯টি আসনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট প্রার্থী ছিলেন দুই হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন এবং পুরুষ প্রার্থী এক হাজার ৯৪৬ জন।
নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, আনসার ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এখন সবার দৃষ্টি ভোট গণনা ও ফলাফলের দিকে।