মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি: এক মাসে ৮৫৮টি ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ৮৫৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
জানা গেছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখায় এসব ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে শুরু হয়ে মার্চজুড়ে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে বাতিলের সংখ্যা ছিল সর্বোচ্চ, যেখানে ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তী সময়ে কিছুটা কমলেও প্রতিদিন গড়ে ২০-৩০টি ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত থাকে।
এদিকে, ৩০ মার্চ (রাত ১২টার পর) আরও ১৮টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কুয়েতগামী ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট রয়েছে।
বিমান সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী শ্রমিক ও যাত্রীরা।
যাত্রীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।
