পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দের

স্টাফ রিপোর্টার: নেত্রকোনার মদনে পাচারের সময় সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করার ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দুলাল মিয়া শুক্রবার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হল, নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার নাজিম উদ্দিনের ছেলে ট্রাকচালক শামীম মিয়া (২৮) , তার সহকারী ময়মনসিংহ কোতায়ালীর মোদারপুর এলাকার সফির উদ্দিনের ছেলে শাহিন মিয়া (২৫) ও মদন পৌর সদরের মনোহরপুর গ্রামের মৃত নূরুল আওয়াল এর ছেলে চাল ক্রয় কারী এনামূল হক আনার মিয়া। শুক্রবার বিকালে ট্রাকচালক শামীম মিয়া ও তার সহযোগী শাহীন মিয়াকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলার মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল নিয়ে একটি ট্রাক বের হয়। ট্রাকটিতে প্রায় ২০ টন চাল ছিল। সরকারি সিলমোহরযুক্ত এসব চাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার তালুকদার রাইস মিলে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে ঘটনাটি জানায়। পরে খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনা স্থলে যান। এ সময় ট্রাকটি থামিয়ে চালানের কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় প্রশাসন ট্রাকচালক সরকারি চাল পরিবহনের বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে চালক ও তার সহকারীকে আটক করা হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দুলাল মিয়া তিনজনকে আসামী করে মদন থানায় একটি মামলা দায়ের করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে ট্রাক চালক,তার সহযোগী ও চাল ক্রয়কারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ‘জব্দ হওয়া চালভর্তি ট্রাক, চালক ও হেল্পারকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো