ঝিনাইদহে শিশু ধর্ষণচেষ্টায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এবার ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন| পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান| স্থানীয়রদের ভাষ্য, গণপিটুনির শিকার ব্যক্তি ৭ বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে| বৃহস্পতিবার (৪ জুন) বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে|
নিহত বিল্লাল হোসেন মাগুরার মোহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে| তিনি ঝিনাইদহ শহরে রিক্সা চালাতেন| চরখাজুরা ঝিনুক মালা আবাসনের একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন| এক সপ্তাহ আগে বিল্লাল হোসেন আবাসনে আসেন| এরপর তিনি একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন|
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকালে আবাসনের বাসিন্দা এক ৭ বছরের শিশুকে মিষ্টি কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় অভিযুক্ত বিল্লাল হোসেন| পরে বিল্লাল হোসেনের ঘর থেকে শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে ছুটে যান| সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন| এসময় উত্তেজিত জনতা বিল্লাল হোসেন কে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে| খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে| সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বিল্লাল|
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, বিকালে ভিকটিম শিশুর মা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিল্লাল হোসেন কে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন| মামলার ভিত্তিতে অভিযুক্ত বিল্লাল হোসেন কে আটক করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়|
ওসি বলেন, দুপুরে ওই ব্যক্তিকে আবাসন ও আশেপাশের উত্তেজিত লোকজন গণপিটুনি দিয়ে আটকে রাখে| খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয| সন্ধ্যার পরে লোকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।