বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধিঃ দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মন্জুরুল হক রাহাদ। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, ফল উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম রাজ, সদস্যসচিব এস এম শামছুর রহমান, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রায় ২৫ ধরনের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।