বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাট প্রতিনিধি:কোম্পানির মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ, অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদ বৃদ্ধি, আউটসোর্সিং নিয়োগ বাতিল করে স্থায়ীভাবে জনবল নিয়োগসহ সিবিএ উত্থাপিত ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-সিবিএ (রেজি. নং- বি-২১৪০), বাগেরহাট জেলা শাখা।
শনিবার (২৭ জুন) সকালে বাগেরহাট বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. বেদার হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ বাবু, উপ-সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, মহিলা সম্পাদক সেলিনা বেগম এবং সিবিএ নেতা মো. নাসির উদ্দিন, মো. কামাল হোসেন ও মো. কবির হোসেন।
বক্তারা বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।