র্যাবের অভিযানে ১৫০০ কেজি জেলি পুশ চিংড়ি জব্দ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়া এলাকায় অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা প্রায় ১ হাজার ৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। পরে জব্দ করা চিংড়িগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম।
র্যাব জানায়, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়ানোর জন্য তরল জেলি পুশ করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেলি পুশের বিভিন্ন সরঞ্জাম ও তরল জেলি উদ্ধার করা হয়। পাশাপাশি জেলি পুশ করা ১ হাজার ৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনস্বার্থে জব্দ করা চিংড়িগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
র্যাব-৬ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশ করা চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।