ঢাবিতে ইসলামিক রিসার্চ মেথডোলজি কর্মশালা অনুষ্ঠিত
ইসলামিক জ্ঞানচর্চার মানোন্নয়ন এবং আধুনিক গবেষণা পদ্ধতির সঙ্গে গবেষকদের পরিচিত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক রিসার্চ মেথডোলজি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
তিনি বলেন, ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণার পদ্ধতিগত উৎকর্ষ, একাডেমিক সততা এবং নতুন গবেষক তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। ইসলামি গবেষণার মাধ্যমে সঠিক নীতি, মূল্যবোধ ও সংস্কৃতির পুনর্জাগরণ ঘটিয়ে স্বাধীন ও মুক্ত পরিবেশে ইসলামের আদর্শ প্রচার-প্রসার করতে হবে।
বিশেষ অতিথি ড. কামরুজ্জামান শামীম বলেন, সমসাময়িক বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত করে নতুন প্রজন্মের গবেষকদের দক্ষ করে তোলাই সময়ের দাবি। এ ধরনের উদ্যোগের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, গবেষণা ছাড়া জ্ঞানের কোনো ক্ষেত্রেই উৎকর্ষ অর্জন সম্ভব নয়। ভবিষ্যতেও ইসলামি গবেষণার মানোন্নয়ন ও দক্ষ গবেষক তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মিজানুর রহমান। ড. শামসুল আলম বলেন, একটি জাতির জ্ঞানভিত্তিক অগ্রগতির জন্য মৌলিক ও মানসম্মত গবেষণার বিকল্প নেই। তরুণদের ইসলামি গবেষণায় আগ্রহ দেশের গবেষণার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ তৈরি করছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী ও ড. মোহাম্মদ নাছের উদ্দিন। তারা গবেষণার বিষয় নির্বাচন, তথ্যসূত্রের সঠিক ব্যবহার, একাডেমিক লেখার কৌশল, গবেষণা প্রস্তাবনা এবং গবেষণা প্রবন্ধ প্রস্তুতের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন।
দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংস্থার বিপুলসংখ্যক গবেষক কর্মশালায় অংশ নেন। সমাপনী পর্বে সংস্থার নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সেন্টারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অংশগ্রহণকারীরা কর্মশালাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান।