লাভেলোর বিরুদ্ধে ১৩২ কোটি টাকার রাজস্ব বকেয়ার অভিযোগ
দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড লাভেলোর বিরুদ্ধে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় ১৩২ কোটি টাকা রাজস্ব বকেয়ার অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি নিয়মিত আইসক্রিম উৎপাদন ও বিক্রি করলেও নির্ধারিত সময়ে ভ্যাট রিটার্ন দাখিল ও প্রাপ্য রাজস্ব পরিশোধ করেনি।
এনবিআর সূত্র জানায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে দুটি মামলা করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৩৬ কোটি টাকার একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগের দুটি মামলায় প্রায় ৭২ কোটি টাকার রাজস্ব দাবির বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন।
ময়মনসিংহ ভ্যাট কমিশনারেটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসে প্রতিষ্ঠানটি প্রায় ৫৫ কোটি টাকার আইসক্রিম বিক্রি করেছে। এর বিপরীতে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় ১৪ কোটি ৫৬ লাখ টাকা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আরও ১০ কোটি ৪৬ লাখ টাকার রাজস্ব বকেয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। বকেয়া রাজস্ব আদায়ে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য এনবিআর ও অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপ চেয়েছে ময়মনসিংহ ভ্যাট কমিশনারেট।
তবে অভিযোগ অস্বীকার করেছে লাভেলো কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক সরদার মিজানুর রহমান বলেন, কোনো রাজস্ব ফাঁকি দেওয়া হয়নি। শুনানিতে অংশ নেওয়া হয়েছে এবং বকেয়া অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হচ্ছে।