রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে অবৈধ ভিওআইপিতে জরিমানা

অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন (ভিওআইপি) কার্যক্রমে সিম ব্যবহারের প্রমাণ পাওয়ায় দেশের চার মোবাইল অপারেটর—রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির তথ্য অনুযায়ী, চার অপারেটরের মোট ৮ হাজার ৬৮২টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হয়েছে। এ ঘটনায় প্রতিটি সিমের জন্য ১০ হাজার টাকা হারে প্রশাসনিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে। প্রতিষ্ঠানটির ৫ হাজার ৯৩৫টি সিম অবৈধ ভিওআইপিতে ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিমের জন্য ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা, টেলিটকের ৬৮১টি সিমের জন্য ৬৮ লাখ ১০ হাজার টাকা এবং গ্রামীণফোনের ১৮৪টি সিমের জন্য ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে কমিশন।

বিটিআরসি জানিয়েছে, সংশ্লিষ্ট অপারেটরগুলো অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো