কক্সবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কক্সবাজার রেলস্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।
গত ১ আগস্ট অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ। এ সময় তিনি রেলস্টেশন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার, এম. এম. সাইফুল ইসলাম এবং মো. জাফর ছাদেক, এফসিএ। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ এসকান্দার আলম, কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জানে আলম, চকরিয়া শাখার ব্যবস্থাপক মো. মিজানুল করিম, মদুনাঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল এবং কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মেহেদি হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।