পাহাড়তলী টেক্সটাইলের লিড প্লাটিনাম সনদ অর্জন

চট্টগ্রাম প্রতিনিধি: পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদনে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ইস্পাহানি গ্রুপের শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান পাহাড়তলী টেক্সটাইল্স লিমিটেড। প্রতিষ্ঠানটির উৎপাদন ইউনিট-২ যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) থেকে বিশ্বমানের লিড প্লাটিনাম (LEED Platinum) সনদ অর্জন করেছে।

রোববার (৯ আগস্ট) এক অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে সনদটি তুলে দেন গ্রীন বিল্ডিং কাউন্সিল, শ্রীলঙ্কার চেয়ারম্যান মাহেন্দ্র জায়ালাথ।

অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ শিল্পপতি, লিড প্লাটিনাম কনসালট্যান্ট, স্থপতি, ব্যাংকার ও ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার, সৌরশক্তির প্রয়োগ এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাপনায় উচ্চমান বজায় রাখার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এ সনদ পেয়েছে।

১৯৫৪ সাল থেকে দেশের টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা পাহাড়তলী টেক্সটাইল্সে বর্তমানে প্রায় ১ হাজার ৮০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটির পাঁচটি উৎপাদন ইউনিটে বছরে প্রায় ২৩ হাজার মেট্রিক টন সুতা উৎপাদনের সক্ষমতা রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রায় ৭০ শতাংশ কাঁচামাল পরিবেশবান্ধব উৎস থেকে সংগ্রহ করা হয়। পাশাপাশি ক্যাপটিভ জেনারেটরের নির্গত এক্সহস্ট গ্যাস পুনর্ব্যবহার, ১০ লাখ লিটার বৃষ্টির পানি সংরক্ষণ এবং ১২ হাজারের বেশি গাছসমৃদ্ধ সবুজ পরিবেশ প্রতিষ্ঠানটির টেকসই উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য।

পাহাড়তলী টেক্সটাইল্সের এ অর্জন বাংলাদেশের টেক্সটাইল ও শিল্পখাতে পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

আরো