মোরেলগঞ্জে ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআর ক্যাম্পেইন
এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ : নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে সহজ ও নিরাপদ করতে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলা কিউআর (Bangla QR) ও ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম সম্প্রসারণে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক পিএলসি মোরেলগঞ্জ শাখার নেতৃত্বে পোলেরহাট ও সন্ন্যাসী বাজার শাখার সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনের প্রতিপাদ্য ছিল—‘এক দেশ, এক QR—লেনদেনে বাংলা QR, লেনদেন ক্যাশলেস’।
কর্মসূচিতে ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা বাংলা কিউআরের মাধ্যমে দ্রুত, সহজ ও নগদবিহীন লেনদেনের পদ্ধতি তুলে ধরেন। পাশাপাশি দৈনন্দিন কেনাকাটা ও ব্যবসায়িক লেনদেনে নগদের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে সবাইকে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুরাইয়া আক্তার এবং অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. শরিফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসি মোরেলগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. কাজী জহিরুল ইসলাম। এ সময় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে ব্যাংক প্রতিনিধিরা জানান, বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করে সমন্বিতভাবে সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে।
বক্তারা বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনের ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন। ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি আস্থা তৈরি এবং বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ বাড়াতে নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
